নেত্রকোণা- ৩ আসনে আবারও নৌকা পেলেন অসীম কুমার উকিল

রুকন উদ্দিন, নেত্রকোণা:
অবশেষে সব ধরনের জল্পনা-কল্পনা, আলোচনা-সমালোচনা এবং গুঞ্জনের অবসান ঘটিয়ে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয় বারের মতো আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের বর্তমান সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল। রবিবার (২৬ নভেম্বর) বিকাল ৪টার দিকে দলের সাধারণ সম্পাদক সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় হতে ৩’শ আসনের প্রার্থীর নাম ঘোষণাকালে অসীম কুমারের নামও ঘোষণা করেন। অসীম কুমার উকিল দ্বিতীয় মেয়াদে নৌকা প্রতীক পাওয়ার খবর শোনার সাথে সাথেই কেন্দুয়া ও আটপাড়া নির্বাচনী এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে বিজয় মিছিল অনুষ্ঠিত হয়।
এর আগে, রবিবার সকালের দিকে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সংসদীয় বৈঠকের সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় মনোনয়ন প্রত্যাশীদের আগামী নির্বাচনে নৌকার প্রার্থীর পক্ষে কাজ করার জন্য নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জানা যায়, নেত্রকোণা-৩ আসন থেকে নৌকার মনোনয়ন পেতে ১৭ জন মনোনয়ন প্রত্যাশী ফরম সংগ্রহ করেছিলেন।
নির্বাচন কমিশন কতৃক ঘোষিত তফসিল অনুযায়ী জানা যায়, মনোনয়ন দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর, বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, আপিল ৫ থেকে ৯ ডিসেম্বর, আপিল নিষ্পত্তি ১০ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থীতা প্রত্যাহার ১৭ ডিসেম্বর এবং প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর।
আগামী ৭ জানুয়ারি ২০২৪ ইং তারিখে সকাল ৮ ঘটিকা হইতে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

