ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুরের নগরকান্দা বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জাতীয় দৈনিক মানবজমিন-এর নগরকান্দা প্রতিনিধি লিয়াকত আলীর ওপর হাতুড়ি দিয়ে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়ে তিনি চিকিৎসা নিয়েছেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৭ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাজারের একটি চায়ের দোকানের সামনে অবস্থানকালে মিজানুর রহমান বাবু (৪৯) নামের এক ব্যক্তি তুচ্ছ বিষয় নিয়ে তার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে অভিযুক্ত ব্যক্তি কোমরে রাখা হাতুড়ি দিয়ে লিয়াকত আলীর মাথা লক্ষ করে এলোপাতাড়ি আঘাত করেন। এতে তিনি শরীরের বিভিন্ন স্থানে জখম হন।

তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। অভিযোগে আরও বলা হয়, এ সময় অভিযুক্ত ব্যক্তি প্রকাশ্যে হুমকি দেন যে, বিষয়টি নিয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হলে ভুক্তভোগীকে হত্যা করা হবে।

পরে আহত লিয়াকত আলীকে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি সুস্থ হলে সামাজিকভাবে সমাধানের চেষ্টা করেন। তবে সমাধান না হওয়ায় তিনি নগরকান্দা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা দ্রুত তদন্তের মাধ্যমে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

এবিষয়ে মিজান বাবুর সাথে যোগাযোগ করে তাকে না পাওয়ায় তার বক্তব্য জানা যায়নি।

পোস্টটি শেয়ার করুনঃ