ফরিদপুরে আধুনিক উৎপাদন কলাকৌশল প্রয়োগে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরন কর্মশালা অনুষ্ঠিত

মোঃ আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিনিধিঃ
দেশের ক্রমবর্ধমান খাদ্য চাহিদা মেটাতে এবং ধান চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে ফরিদপুরে বেসরকারি উন্নয়নমূলক সংস্থা ব্র্যাক সীড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে দিনব্যাপী আধুনিক উৎপাদন কলাকৌশল প্রয়োগে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরন এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়ন কৃষক সেবা কেন্দ্রে ১৯ এপ্রিল, রবিবার কর্মশালায় ব্র্যাক সীড ডিলার দত্ত সীডের কর্ণধার তরুন দত্তের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, “জমির পরিমাণ কমলেও জনসংখ্যা বাড়ছে। এই পরিস্থিতিতে অল্প জমিতে অধিক ফলন পেতে আধুনিক উৎপাদন কলাকৌশল ও উচ্চফলনশীল হাইব্রিড জাতের বিকল্প নেই।বিশেষ করে আমন মৌসুমে ব্র্যাকের জনপ্রিয় জাত ‘ব্র্যাক ধান ১০’ ও ‘রাজা’ ধান চাষের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
কর্মশালায় ব্র্যাক সিডের চুয়াডাঙ্গা রিজিওনাল সেলস ম্যানেজার মো. কামরুল হাসান কৃষকদের আধুনিক বীজতলা তৈরি, সঠিক বয়সে চারা রোপণ এবং সার ও সেচ ব্যবস্থাপনা নিয়ে আলোকপাত করেন। এছাড়া ধানের উৎপাদন বাড়াতে লাইন লোগো ও পার্সিং পদ্ধতির উপযোগিতা তুলে ধরা হয়।
কর্মশালায় এলাকার প্রায় ৫০ জন আদর্শ কৃষক অংশগ্রহন করেন প্রশিক্ষণ শেষে কৃষকদের মাঝে ব্র্যাকের জনপ্রিয় জাত রাজা ধানের বীজ বিতরন করা হয়।
আয়োজকরা জানান, ব্র্যাক সিড বিশ্বাস করে দেশজুড়ে এই প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে কৃষকরা আধুনিক কৃষি ব্যবস্থাপনায় আরও এক ধাপ এগিয়ে যাবে এবং দেশে খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা বৃদ্ধি পাবে। অনুষ্ঠানে ফরিদপুর ব্র্যাক সিডের টেরিটরি সেলস অফিসার মোঃ নূর আলম এবং ফরিদপুর-১ টেরিটরি সেলস অফিসার সুব্রুত কুমার পাল এবং কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

