মোঃ আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিনিধিঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বেকার ভাতার নামে যুবকদের মর্যাদা ক্ষুণ্ন করার রাজনীতি তারা করতে চান না। যুব সমাজকে সম্মান ও আত্মমর্যাদার সঙ্গে দাঁড় করাতে হলে দুর্নীতি, চাঁদাবাজি ও অনৈতিকতার বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে কার্যকর ব্যবস্থা নিতে হবে। তিনি বলেন, আজকের যুবকরা জেগে উঠেছে, বিশ্ববিদ্যালয়গুলোতেই তারা অন্যায় ও অবিচারের বিরুদ্ধে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে ফরিদপুরের বোয়ালমারী পৌর স্টেডিয়ামে এই নির্বাচনী জনসভার আয়োজন করা হয়।

ডা. শফিকুর রহমান বলেন, রাজনৈতিক ভিন্নমত থাকার কারণে কাউকে দমন-পীড়নের শিকার করা, খুন-গুম করা, আয়নাঘরে পাঠানো কিংবা মিথ্যা মামলায় হয়রানি করা—এ ধরনের রাষ্ট্রব্যবস্থা তারা মেনে নিতে পারেন না। তিনি জোর দিয়ে বলেন, যে বাংলাদেশে আলেম-উলামা নির্যাতিত হন বা সংখ্যালঘুরা নিরাপত্তাহীনতায় ভোগেন, সেই বাংলাদেশ পরিবর্তন করাই তাদের লক্ষ্য।

তিনি বলেন, “ভোটের মাধ্যমেই একটি নতুন বাংলাদেশের সূচনা হবে।” যেখানে ন্যায়বিচার হবে রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি। ডা. শফিকুর রহমান বলেন, তারা কেবল একটি দলের জয় চান না, পরিবারতান্ত্রিক শাসনের বিরুদ্ধেই তাদের অবস্থান; তাদের লক্ষ্য হলো ঐক্যবদ্ধ বাংলাদেশের জয় এবং দেশের ১৮ কোটি মানুষের অধিকার প্রতিষ্ঠা।

ন্যায়বিচার প্রসঙ্গে তিনি বলেন, আজ দেশে প্রকৃত ন্যায়বিচার নেই বলেই জনগণ তা অনুভব করছে। যে আইন ও বিচার সাধারণ মানুষের জন্য প্রযোজ্য, রাষ্ট্রের শীর্ষ পদে থাকা ব্যক্তিদের ক্ষেত্রেও সেই একই বিচার কার্যকর হতে হবে। অপরাধের ক্ষেত্রে কাউকে ছাড় না দেওয়ার নীতিই তারা বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চান।

জনসভায় আরও উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা জামায়াতের আমির মাওলানা বদরুদ্দীন, ফরিদপুর-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক ড. ইলিয়াস মোল্লা, জাকসু জিএস মাজহারুল ইসলামসহ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সভায় সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা জামায়াতের নায়েবে আমির আবু হারিচ মোল্লা

পোস্টটি শেয়ার করুনঃ