বোয়ালমারীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ -১৪৩৩ উদযাপন

মোঃ আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিনিধিঃ
বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে বোয়ালমারী উপজেলা চত্বরে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপন করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) এ উপলক্ষে সকালে বোয়ালমারী উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠন ও সরকারি কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বক্তারা বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম রকিবুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) মোঃ শিব্বির আহম্মেদ, থানা অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন কৃষি কর্মকর্তা মোঃ আলভীর রহমানসহ বোয়ালমারী উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী,মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গ,বোয়ালমারী উপজেলায় কর্মরত সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
এরপর আনুষ্ঠানিকভাবে বৈশাখী মেলার উদ্বোধন করা হয়। মেলায় বিভিন্ন ধরনের গ্রামীণ ঐতিহ্যবাহী পণ্য, হস্তশিল্প, খেলনা ও খাবারের স্টল বসানো হয়েছে, যা স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে।
দিনব্যাপী এ আয়োজন ঘিরে বোয়ালমারী উপজেলা চত্বরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষ বৈশাখের আনন্দে মেতে উঠেছেন।

