অপারেশন ডেভিল হান্ট বোয়ালমারীতে সাবেক চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ২ নেতা আটক

এ কে এম রেজাউল করিম,
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :
অপারেশন ডেভিল হান্টের আওতায় ফরিদপুরের বোয়ালমারীতে সাবেক চেয়ারম্যানসহ আওয়ামী লীগের দুই নেতাকে আটক করেছে স্থানীয় থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার দাদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য মো. শামীম মোল্লা (৫৫) এবং সদর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক মো. আনোয়ার হোসেন (৫০)। রোববার (১৬.০২.২৫) গভীর রাতে তাদের গ্রেপ্তার করে পুলিশ। তাদেরকে আলফাডাঙ্গা থানার বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
জানা যায়, বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. মাহমুদুল হাসানের নেতৃত্বে রোববার গভীর রাতে অভিযান চালিয়ে মো. শামীম মোল্লাকে চিতার বাজারের নিজ বাড়ি এবং আনোয়ার হোসেনকে সৈয়দপুর গ্রামের নিজ বাড়ি থেকে আটক করা হয়। সোমবার (১৭.০২.২৫) তাদেরকে আলফাডাঙ্গা থানায় পাঠানো হয়। পরে আলফাডাঙ্গা থানা পুলিশ বিস্ফোরক মামলায় তাদেরকে ফরিদপুর আদালতে চালান করে দেয়।
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. মাহমুদুল হাসান আওয়ামী লীগ নেতাদের আটক এবং বিস্ফোরক মামলায় চালানের বিষয়টি নিশ্চিত করেছেন।

