বোয়ালমারীতে সৌদির সাথে মিল রেখে ১০ গ্রামে ঈদুল ফিতর উদযাপন
মোঃ আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিনিধঃ
ফরিদপুরের বোয়ালমারীতে ১০ গ্রামে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে পবিত্র রোজা পালন শেষে ঈদুল ফিতর উদযাপন করেছে।
শুক্রবার (২০ মার্চ) সকাল ১০টায় শেখর ইউনিয়নের সহস্রাইল দায়রা শরিফসহ ১০ গ্রামে ঈদের নামাজ আদায় করা হয়। এর আগে বিভিন্ন ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টা, ৯টায় ও সাড়ে ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
একদিন আগে যারা রোজা ও ঈদ উৎসব উদযাপন করেন তাঁরা সবাই চট্টগ্রামের মির্জাখিল শরীফের মুরিদান।
জানা যায়, ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার শেখর ও রুপাপাত ইউনিয়নের ১০টি গ্রামের আংশিক মানুষ সৌদিসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে একদিন আগে পবিত্র রোজা পালন শুরু করেন এবং ১ দিন আগে ঈদের নামাজ আদায় করেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের
সহস্রাইল দায়রা শরিফে সকাল ১০টায় কয়েকশ মানুষ ঈদের নামাজ আদায় করেছেন। এছাড়া রাখালতলি ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৯টা ও মাইটকুমরা জামে মসজিদে সকাল ৮টা ও মাইটকুমরা লস্করবাড়ি জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় ঈদুল ফিতরের নামাজ আদায় করা হয়।
সহস্রাইল দায়রা শরিফের সমন্বয়কারী কাঁটাগড় গ্রামের বাসিন্দা মো. মাহিদুল হক জানান, চট্টগ্রামের মির্জাখিল শরীফ ও সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে শেখর ও রুপাপাত ইউনিয়নের কাটাগড়, সহস্রাইল, দরিসহস্রাইল, মাইটকোমড়া, রাখালতলি গঙ্গানন্দপুরসহ ১০ গ্রামের আংশিক লোকজন আমরা একদিন আগে রোজা শুরু করেছিলাম এবং একদিন আগে সৌদির সাথে নামাজ আদায় করলাম।
নামাজ শেষে দেশ,জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় মোনাজাত করা হয়।

