মোঃ আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিনিধি (ফরিদপুর)ঃ

নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নে অবৈধভাবে ফসলি জমির মাটি ও বালি উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।

মঙ্গলবার (৪ মার্চ ২০২৬) উপজেলার কল্যাণপট্টি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে দেখা যায়,এক্সাভেটর (ভেকু) ব্যবহার করে কৃষি ফসলি জমির মাটি কেটে তা বাণিজ্যিক উদ্দেশ্যে বিক্রি করা হচ্ছিল। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি পার্শ্ববর্তী জমির ফসলও ক্ষতিগ্রস্ত হচ্ছিল।

এ ঘটনায় মো. কামরুজ্জামানের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে তাকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আদায়কৃত জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা হক তানিয়া। তিনি জানান, জনস্বার্থে অবৈধ মাটি ও বালি উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকতে সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় নিয়মিত নজরদারি এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পোস্টটি শেয়ার করুনঃ