মোঃ আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিনিধিঃ
ফরিদপুরের বোয়ালমারীতে বিশ্বের বিভিন্ন দেশের ন্যায়  বিশ্ব ভোক্তা-অধিকার দিবস পালন  করেছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) বোয়ালমারী উপজেলা শাখা। দিবসটি উপলক্ষে র‍্যালী ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে সংগঠনটি।
দিবসটি উপলক্ষে রবিবার (১৫ মার্চ) দুপুর ২ টায় বোয়ালমারী পৌরসদরের প্রাণকেন্দ্র চৌরাস্তা থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরটির প্রধান সড়ক প্রদক্ষিণ করে  চৌ রাস্তাস্থ স্বাধীনতা চত্বরে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
 ক্যাব বোয়ালমারী শাখার সভাপতি মুহাব্বত জান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন কবি ও সাংবাদিক আমীর চারু বাবলু,  উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক বায়োজিদ খান রাব্বি, অক্ষরশিল্পী নুরুল ইসলাম নুর, ক্রীড়াব্যক্তিত্ব  আল আমিন প্রমুখ।
সভায় বক্তরা বলেন- দেশে পণ্যের প্রকৃত সংকট না থাকলেও কিছু অসাধু ব্যবসায়ী অতি মুনাফা অর্জনের আশায়  মজুতদারি, কারসাজি এবং অযৌক্তিক মূল্যবৃদ্ধির মাধ্যমে ভোক্তাদের জিম্মি করে ফেলছে।
দেশে জ্বালানি তেলের সংকট না থাকলেও কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে।  আমরা চাই ন্যায্য মূল্যে প্রতিটি পণ্য ভোক্তাদের হাতে পৌঁছে যাক। ভোক্তাদের  স্বার্থ রক্ষায় বাজার তদারকি জোরদার করাসহ ফের সরকারি ভাবে দিবসটি উদযাপন করার দাবি জানিয়েছেন বক্তারা।
ক্যাব বোয়ালমারী উপজেলা শাখার সভাপতি মুহাব্বত জান চৌধুরী বলেন, আগে দিবসটি সরকারিভাবে উদযাপন করা হতো, ভোক্তার অধিকার সংরক্ষণে সরকার দায়বদ্ধ অথচ দিবসটি কেন বন্ধ করে দেওয়া হয়েছে -এ বিষয়ে সরকারের ব্যাখ্যা দেওয়া উচিত।
তিনি এসময় ভোক্তাদের স্বার্থ রক্ষায়  অতীতের মতো সরকারের পাশে থেকে কাজ করবে বলে ক্যাব অঙ্গিকার ব্যক্ত করেন।
পোস্টটি শেয়ার করুনঃ