নেত্রকোণা-৩ আসনে আবারও মনোনয়ন পাওয়ার আশাবাদী সাবেক এমপি পিন্টুর

রুকন উদ্দিন, নেত্রকোণা:
ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু ১০ নভেম্বর ১৯৬৪ সালে নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় জন্মগ্রহণ করেন। অনেক চড়াই উতরাই পেরিয়ে তিনি নিজেকে একজন স্বনামধন্য ব্যবসায়ী ও বিশিষ্ট সমাজসেবক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু রাজনীতিতেও বেশ সক্রিয়। প্রায় তিন দশক ধরে আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ২০০৯ সালে কেন্দুয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন এবং পরবর্তীতে ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে প্রথম বারের মতো নেত্রকোণা-৩ কেন্দুয়া-আটপাড়া আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। একজন ব্যবসায়ী হওয়ার পরেও তিনি নিজেকে একজন সৎ সংসদ সদস্য হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তাঁর সততার দৃষ্টান্ত দেখে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সততার স্বীকৃতি স্বরূপ, এমপিদের মধ্যে তাঁকে সততার পুরস্কারে ভূষিত করেন। সংসদ সদস্য থাকাকালীন সময়ে তাঁর মাধ্যমে কেন্দুয়া আটপাড়া উপজেলায় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ হয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও এই সাবেক সংসদ সদস্য মনোনয়ন চেয়েছিলেন কিন্তু কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হয়ে এমপি নির্বাচিত হন যিনি বর্তমান এমপি।
গত সংসদ নির্বাচনে মনোনয়ন না পেয়েও তিনি বসে থাকেননি। দলের প্রতিটি কর্মসূচিতে অংশগ্রহণ করে আসছেন। তিনি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কেন্দুয়া আটপাড়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের স্মার্ট বাংলাদেশের উন্নয়নের চিত্র সকল শ্রেণী পেশার মানুষের মাঝে বিতরণ করছেন। এছাড়াও দুই উপজেলায় গণসংযোগ, পথসভা, মতবিনিময় এবং জনসভা করে যাচ্ছেন সাবেক এই সংসদ সদস্য।

