নেত্রকোণা-৩ আসনে আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থীকে পরাজিত করলো জনগণের মনোনীত স্বতন্ত্র প্রার্থী
রুকন উদ্দিন, নেত্রকোণা:
রবিবার (৭ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫৯, নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে জনগণের মনোনীত ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু ৭৬,৮০৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
এর আগে তিনি কেন্দুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করে ২০১৪ সালে (দশম) জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে অংশগ্রহণ করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
স্বতন্ত্র প্রার্থী ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টুর নিকটতম হেভিওয়েট প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী ছিলেন বর্তমান (একাদশ) জাতীয় সংসদের এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় আওয়ামী যুব মহিলা লীগের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক এমপি (সংরক্ষিত) অপু উকিলের স্বামী অসীম কুমার উকিল। তিনি নৌকা প্রতীকে পেয়েছিলেন ৭৪,৫৫০ ভোট।
এছাড়াও (নবম) জাতীয় সংসদের নৌকার এমপি ও স্বতন্ত্র প্রার্থী মঞ্জুর কাদের কোরাইশী ঈগল ৫৪৬০, তৃণমূল বিএনপি মিজানুর রহমান খান সোনালী আঁশ (পাট) ৩২৭, ইসলামি ঐক্যজোট এহতেশাম সারওয়ার মিনার-২৮৪ এবং জাতীয় পার্টি (জাপা) মো. জসিম উদ্দিন পেয়েছেন ২৯০ ভোট।
নেত্রকোণা -৩ (কেন্দুয়া -আটপাড়া) আসনের দুই উপজেলায় ১৪৯ টি ভোট কেন্দ্রের ৩,৯৪,৫১৩ জন ভোটারের মধ্যে বৈধ ও বাতিলকৃত ভোটসহ ১,৫৯,৪১০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
উল্লেখ্য স্বতন্ত্র প্রার্থী ২২৫৩ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী কোনো প্রার্থী মোট প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগের কম পেলে অথবা শতকরা হিসাবে সাড়ে ১২ শতাংশের কম ভোট পেলে সেই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়ে যায়, সেই হিসাব অনুযায়ী সাবেক সংসদ সদস্য ঈগল প্রতীকের প্রার্থী মঞ্জুর কাদের কোরাইশী, তৃণমূল বিএনপির মিজানুর রহমান খান, ইসলামি ঐক্য জোটের এহতেশাম সারওয়ার এবং জাতীয় পার্টির জসীম উদ্দিন ভূঞা জামানত হারাচ্ছেন। তাদের জামানতের টাকা সরকারি কোষাগারে জমা হবে বলে জানা গেছে।

