মোঃ আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিনিধিঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ (মধুখালী-বোয়ালমারী-আলফাডাঙ্গা) আসনে জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী বিজয়ী হয়েছেন।

বৃহস্পতিবার দিবাগত রাতে ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষ থেকে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন।

ফরিদপুর-১ আসনে জামায়াতের প্রার্থী ড. মো. ইলিয়াস মোল্লা ১ লাখ ৫৪ হাজার ১৪৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির খন্দকার নাসিরুল ইসলাম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ৪৭৬ ভোট। ড. ইলিয়াস মোল্লা তাঁর প্রতিদ্বন্দ্বীর চেয়ে ২৭ হাজার ৬৬৯ ভোট বেশি পেয়ে জয় নিশ্চিত করেছেন।

ফরিদপুর জেলার চারটি আসনের মধ্যে এই আসনের ফলাফল সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে যে স্বাধীনতা পরবর্তী সময়ে এই আসনে এই প্রথম জামায়াতে ইসলামী বিজয় অর্জন করল। দীর্ঘকাল ধরে এই আসনটি আওয়ামী লীগের দুর্গ হিসেবে পরিচিত ছিল। তবে বিশেষ আইনি কারণে আওয়ামী লীগ এবারের নির্বাচনে অংশ নিতে না পারায় রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন এসেছে।

নির্বাচনে এই আসনে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বিজয়ী প্রার্থী ড. ইলিয়াস মোল্লা মধুখালী উপজেলার কালপোহা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোট প্রদান করেন। অন্যদিকে বিএনপির প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম সাতৈর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তাঁর ভোটাধিকার প্রয়োগ করেন।

পুরো আসনের ১৯৭টি ভোটকেন্দ্রে কোনো ধরণের সহিংসতা ছাড়াই অত্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সফলভাবে নির্বাচন সম্পন্ন করায় এলাকাবাসী জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন। এখন আনুষ্ঠানিক গেজেট প্রকাশের জন্য যাবতীয় তথ্য নির্বাচন কমিশনে পাঠানো হচ্ছে।

পোস্টটি শেয়ার করুনঃ