সাতক্ষীরা সদরে স্বর্ণের ১০টি বারসহ আটক-১

৯, নভেম্বর, বৃহস্পতিবার ২০২৩
মোঃ আজিজুল ইসলাম ::::
সাতক্ষীরা জেলা প্রতিনিধি:::
সাতক্ষীরা সদরে স্বর্ণের ১০ টি বারসহ আশরাফুল ইসলাম (২৪) নামে একজনকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার ( ৯ নভেম্বর) সকালে তাকে ভোমরা স্থল বন্দরের পাশ থেকে আটক করা হয়।
আশরাফুল ইসলাম সাতক্ষীরা সদর উপজেলার চৌবাড়িয়া গ্রামের নুর হামজার ছেলে। তিনি সোনা চোরাকারবারির সঙ্গে জড়িত বলে জানায় বিজিবি।
সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক জানান, স্বর্ণের একটি চালান ভারতে পাচার হচ্ছে- এমন খবর পেয়ে ভোমরা স্থলবন্দরের বাঁশকল এলাকায় অভিযান চালায় বিজিবির সদস্যরা। এ সময় আশরাফুল নামে বাইসাইকেল আরোহীকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে স্বর্ণের ১০টি বার উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, উদ্ধার করা স্বর্ণের ওজন ১ কেজি ৪১০ গ্রাম। বাজারমূল্য আনুমানিক ১ কোটি ২৪ লাখ ৩৬ হাজার ২০০ টাকা। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় মামলা হয়েছে।

