নিজস্ব প্রতিনিধি(ফরিদপুর) :

ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের মালাঙ্গা গ্রামে পারিবারিক কলহের জেরে স্বপ্না বেগম (২৫) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত স্বপ্না বেগম কানাইপুর ইউনিয়নের কাশিমাবাদ গ্রামের আলাউদ্দিন শেখের মেয়ে। তার স্বামী রাজিব শেখ (৩২) মধুখালী উপজেলার রায়পুর গ্রামের বাসিন্দা। প্রায় নয় বছর আগে তাদের বিয়ে হয়। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। প্রায় ১৫ দিন আগে তারা মালাঙ্গা গ্রামের জাহাঙ্গীর বিশ্বাসের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস শুরু করেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার সকালে পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে রাজিব শেখ কাজে চলে যান। দুপুরে সন্তানদের নিয়ে খাবার খেয়ে বিশ্রাম নিচ্ছিলেন স্বপ্না। একপর্যায়ে দুই সন্তান খেলতে বাইরে চলে গেলে তিনি ঘরে একা ছিলেন। পরে ছোট মেয়ে রোজা (৫) ঘরে ফিরে মাকে ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে ওড়না কেটে তাকে নিচে নামান। তবে ততক্ষণে তার মৃত্যু হয়।
খবর পেয়ে কোতোয়ালি থানার এসআই সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পরে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় কোতোয়ালি থানায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

পোস্টটি শেয়ার করুনঃ