রুকন উদ্দিন, নেত্রকোণা প্রতিনিধি:

নেত্রকোণার কেন্দুয়ায় আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় নৌকার সমর্থক খোকন মিয়া গ্রেফতার হয়েছে বলে জানা গেছে।

উপজেলার পৌরসভার বাদে আঠারোবাড়ী এলাকার মো: সায়েদুর রহমানের ছেলে কেন্দুয়া উপজেলা ছাত্র লীগের যুগ্ম আহ্বায়ক আপেল মাহমুদ বাদী হয়ে ৭নং মাসকা ইউপি’র চেয়ারম্যান মো: আব্দুস সালাম বাঙ্গালীসহ ১৯ জনের নাম উল্লেখ পূর্বক এবং অজ্ঞাতনামা আরও ৬০ জনকে আসামি করে গত ১৯ ডিসেম্বর লিখিত অভিযোগ দায়ের করেন।

জানা যায়, গত ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর রাত সাড়ে ৮টার দিকে নেত্রকোণা-৩ (কেন্দুয়া- আটপাড়া) আসনের স্বতন্ত্র প্রার্থী ইফতিখার উদ্দিন তালুকদার পিন্টু’র ট্রাক প্রতীকের কর্মী সমর্থকরা মাসকা বাজারে মিছিল নিয়ে বের হলে নৌকা প্রতীকের প্রার্থী অসীম কুমার উকিলের অনুসারী আওয়ামী লীগ নেতা ও ৭নং মাসকা ইউনিয়নের চেয়ারম্যান মো: আব্দুস সালাম বাংঙ্গালীর নেতৃত্বে শতাধিক আওয়ামী লীগের নেতাকর্মী ও কর্মী সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে স্বতন্ত্র প্রার্থী ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু’র ট্রাক প্রতীকের মিছিলের উপর অতর্কিতভাবে হামলা চালায়। হামলায় পিন্টু’র ৩০ জন কর্মী সমর্থক আহত হয় তাছাড়া পিন্টু’র নির্বাচনী কার্যালয়সহ ৫টি মোটরসাইকেল ভাংচুর করে নৌকার কর্মী সমর্থকেরা।

নেত্রকোণা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো: লুৎফর রহমানের সাথে মুঠোফোন কথা হলে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, কেন্দুয়া থানার মামলা ৭(১২)২৩ এর এজাহার ভুক্ত আসামি নৌকার সমর্থক খোকন মিয়া ২১ ডিসেম্বর রাতে গ্রেফতার হয়েছে।

পোস্টটি শেয়ার করুনঃ