কেন্দুয়ায় সাবেক এমপি সহ ১৪৮ জনের বিরুদ্ধে মামলা

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি:
নেত্রকোণার কেন্দুয়ায় কেন্দ্রীয় আ’লীগের সাস্কৃতিক বিষয়ক সম্পাদক ও নেত্রকোণা-৩ (কেন্দুয়া আটপাড়া)
আসনের সাবেক এমপি অসিম কুমার উকিল ও তার সহধর্মিণী কেন্দ্রীয় যুব মহিলা লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সংরক্ষিত আসনের সাবেক এমপি অধ্যাপক অপু উকিলসহ ১৪৮ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের হয়েছে বলে জানা গেছে।
গতকাল বুধবার (২১ আগস্ট) বাট্টা গ্রামের বাসিন্দা ও কেন্দুয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো. মোবারক হোসেন বাদী হয়ে দ্রুত বিচার আইনে কেন্দুয়া থানায় এই মামলাটি করেন, মামলা নং- ১১।
জানা যায়, কেন্দুয়া থানার গেইটে অবস্থিত তানজিম শপিং পয়েন্ট এন্ড গিফট কর্ণারে গত ২৮ জুলাই অসিম কুমার উকিল ও অপু উকিলের নেতৃত্বে আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে নগদ টাকাসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়, কিন্তু রাজনৈতিক প্রভাবে মামলা নেয়নি কেন্দুয়া থানা পুলিশ। এরই প্রেক্ষিতে গতকাল এই মামলাটি করেন ভুক্তভোগী মোবারক হোসেন। মামলায় অসিম কুমার উকিল ও তার স্ত্রী অপু উকিল, কেন্দুয়া উপজেলা আ’লীগের সভাপতি এড. আব্দুল কাদির ভূইয়া, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও সদ্য বিলুপ্ত পৌর মেয়র আসাদুল হক ভূইয়া, সদ্য বিলুপ্ত উপজেলা চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ভূইয়া ও স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ ১৪৮ জনকে আসামি করা হয় বলে জানা গেছে।
মামলার সত্যতা স্বীকার করে কেন্দুয়া থানার ওসি মো. মিজানুর রহমান আকন্দ জানান, ১৪৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ২০০/৩০০ আসামী করে মোবারক হোসেন নামের একজন ব্যবসায়ী দ্রুত বিচার আইনে মামলা করেছেন, আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

