কেন্দুয়ায় কৃষকের খড়ের গাদা পুড়িয়ে ছাই করে দিয়েছে দূর্বৃত্তরা

রুকন উদ্দিন,নেত্রকোনা প্রতিনিধি,
নেত্রকোণার কেন্দুয়ায় পূর্ব শত্রুতার জেরে হাওরে শুকিয়ে রেখে যাওয়া মো. খোকন মিয়ার খড়ের গাদায় আগুন ধরিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছে দূর্বৃত্তরা।
ঘটনাটি বুধবার (১৫ মে) সন্ধ্যা আনুমানিক পোনে ৮ টার দিকে উপজেলার নওপাড়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মালি বাড়ি জঙ্গলের পিছনে ঘটেছে।
এই ন্যাক্কারজনক ঘটনার জন্য ভুক্তভোগী মো. খোকন মিয়া বাদী হয়ে একই গ্রামের মো. শরীফ মিয়া, রিপন মিয়া, সবুজ মিয়াকে বিবাদী করে কেন্দুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
স্থানীয়রা জানান অভিযুক্ত মো. শরীফ মিয়া ও তার পরিবারের লোকজন গাঁজার ব্যবসার সাথে জড়িত। বিভিন্ন এলাকা থেকে গাঁজা সেবন ও ক্রয়ের জন্য শরীফদের বাড়িতে আসে। ভুক্তভোগী মো. খোকন মিয়া এই অবৈধ ব্যবসা বন্ধ করার জন্য শরীফ মিয়াকে বারণ করলে শরীফ ও তাদের লোকজন খোকন মিয়া ও তার পরিবারের লোকজনের উপর হামলা করার পাঁয়তারা করে। এছাড়াও শরীফ গংদের লোকজন উশৃংখল, দাঙ্গাবাজ, লাঠিয়াল ও অত্যন্ত খারাপ প্রকৃতির। এরই জেরে শরীফ গংরা ভুক্তভোগী খোকন মিয়া ও তার পরিবারের ক্ষতিসাধন করার জন্য খড়ের গাদায় আগুন ধরিয়ে গোখাদ্য পুড়িয়ে ছাই করে দিয়েছে।
ভুক্তভোগী মো. খোকন মিয়া বলেন, বোরোধানের প্রায় সাড়ে ৩ একর জমির খড় গাদা করে রেখেছিলাম শরীফ গংরা গাদার সম্পূর্ণ খড় পড়ে ছাই করে দিয়েছে। আমার ৮/১০ টি গরু রয়েছে ৭/৮ মাস পর্যন্ত গরুগুলোকে কিভাবে রাখব। আমার ৩০/৪০ হাজার টাকা ক্ষতি হয়ে গেছে। টাকা হলে সহজেই মানুষের খাবারের জন্য চাল কেনা যায়, কিন্তু খড় খুব সহজেই কিনতে পাওয়া যায় না।
সাবেক ইউপি সদস্য মো. হানিফ মিয়া বলেন, ঘটনাটি আমি শোনামাত্রই ঘটনাস্থলে গিয়েছিলাম বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আর দূর্গাপুর গ্রামের শরীফ মিয়া একজন গাঁজা ব্যবসায়ী ভুক্তভোগী খোকন মিয়া গাঁজার ব্যবসা বন্ধ করার জন্য নিষেধ করলে শরীফ ও অন্যরা এই ন্যাক্কারজনক কাজটি করেছে আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

