মোঃ আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিনিধি,ফরিদপুরঃ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের বয়ড়া বামনগাতী এলাকায় ফসলি জমিতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দুটি ড্রেজার মেশিন জব্দ করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল আমিন।

সোমবার (২১ জুলাই) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে এসব মেশিন জব্দ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপি নেতা ও শেখর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মো. রইসুল ইসলাম পলাশ মিয়া তার নিজস্ব জমিতে ড্রেজার বসিয়ে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন কার্যক্রম চালিয়ে আসছিল।

অভিযুক্ত ড্রেজার মেশিন দুটি মালিকানাধীন শেখর গ্রামের মো. তিলাপ শেখ ও মো. জামাল শেখের। তারা যৌথভাবে ড্রেজার ভাড়া নিয়ে ফসলি জমিতে বালু উত্তোলন করে আসছিল।

অভিযান প্রসঙ্গে এসিল্যান্ড আব্দুল্লাহ আল আমিন বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, বয়ড়া বামনগাতী এলাকায় একটি মাঠে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। পরে ঘটনাস্থলে গিয়ে দুটি মেশিন জব্দ করা হয়। তবে অভিযান টের পেয়ে ড্রেজার মালিক ও শ্রমিকরা পালিয়ে যায়।”

অন্যদিকে একই দিনে উপজেলার রুপাপাত ইউনিয়নের কুমরাইল এলাকা থেকেও অবৈধ বালু উত্তোলনের দায়ে জুনায়েদ মিনা নামের এক ব্যক্তির পাইপ ভেঙে দেন ভ্রাম্যমাণ আদালত।

এসিল্যান্ড আরও জানান, “ফসলি জমি ও পরিবেশ রক্ষায় এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”

এদিকে স্থানীয় কৃষকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এক শ্রেণির প্রভাবশালী ব্যক্তি ফসলি জমিতে অবৈধভাবে বালু উত্তোলন করে পরিবেশের মারাত্মক ক্ষতি করে চলেছে। এতে করে জমির উর্বরতা হ্রাস পাচ্ছে, পানির স্তর নিচে নেমে যাচ্ছে এবং আশপাশের এলাকার কৃষিকাজ ব্যাহত হচ্ছে।

জনসচেতনতা ও প্রশাসনিক নজরদারি আরও জোরদার করার দাবিও জানিয়েছেন স্থানীয়রা।

পোস্টটি শেয়ার করুনঃ