বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের শেলাহাটি গ্রামের ভিক্ষাবৃত্তি করা সামেলা বেগমের (৪৫) বসতবাড়ি পুড়িয়ে ধ্বংস করে দিল উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য সুভাষ সাহা। এ ঘটনায় সামেলা বেগম বাদী হয়ে রবিবার ৬ এপ্রিল সুভাষ সাহা (৬৮) ও তার ম্যানেজার গোবিন্দর (৫৫) নাম উল্লেখ করে এবং ১০/১২ জনকে অজ্ঞাত আসামি করে স্থানীয় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। সুভাষ সাহার বাড়ি সাতৈর ইউনিয়নের বড়নগর গ্রামে।

সরেজমিন ও লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, সামেলা বেগম স্বামী সন্তান নিয়ে দীর্ঘ ২৫ বছর শেলাহাটি গ্রামে রেলের সরকারী জমিতে বসবাস করে আসছে। পাশেই সুভাষ সাহার জমি রয়েছে। ওই রেলের জমি পাওয়ার জন্য সুভাষ সাহা মরিয়া হয়ে উঠে। বেশ কিছুদিন ধরে সুভাষ সাহা ও তার লোকজন বিভিন্ন সময় বসতবাড়ি ভেঙে দেওয়ার হুমকি ধামকি দিয়ে আসছে। শনিবার গত ৫ এপ্রিল মহিলা বাড়ি না থাকায় রাত সাড়ে ৯টার দিকে বাড়িতে আগুন দিয়ে বসত ঘর পুড়িয়ে দেয়।

সামেলা বেগম বলেন, সুভাষ সাহা বিভিন্ন সময় বাড়ি ভেঙে দেওয়ার হুমকি-ধামকি দিয়ে আসছে। শনিবার রাতে তার লোকজন দিয়ে আগুন ধরিয়ে বসতবাড়ি পুড়িয়ে দিয়েছে। এ সময় ঘরে থাকা যাবতীয় জিনিসপত্র ও বাক্সে রাখা ৫০ হাজার টাকা পুড়ে গেছে। ঈদের সময় মানুষের কাছ থেকে আনা যাকাতের টাকা, মানুষের কাছ থেকে চেয়ে আনা চাল বিক্রির মোট ৫০ হাজার টাকা ছিল এখন আমি সর্বহারা হয়ে গেলাম।

একই গ্রামের হাবিল বিশ্বাস বলেন, সুভাষ সাহা নিজে ও তার লোকজন বিভিন্ন সময় ঘর বাড়ি ভেঙে নেওয়ার হুমকি ধামকি দিয়ে আসছিল। গত শনিবার রাতে তার লোকজন দিয়ে আগুন ধরিয়ে বাড়িটি পুড়িয়ে দিয়েছে।

প্রতিবেশী সেলিনা বেগম বলেন, সুভাষ সাহা বিভিন্ন সময় এখানে এসে বসত বাড়ি ভেঙে নেওয়ার হুমকি দিয়া আসছে।

সুভাষ সাহা বলেন, আমি সামেলা বেগমের বাড়ি পুড়াইনি। একটি পক্ষ আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য উঠে পড়ে লেগেছে। আমার কি টাকা কম আছে যে ওনার জায়গা দখল করব! আমি জিয়া মেম্বারের কাছে ত্রিশ হাজার টাকা দিয়েছিলাম অন্যত্র ঘর করে দেওয়ার জন্য।

থানা অফিসার ইনচার্জ মো. মাহমুদুল হাসান বলেন, বাড়ি পুড়ানোর একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করার জন্য পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

পোস্টটি শেয়ার করুনঃ