ডিসেম্বরেই ট্রেনে যাওয়া যাবে কক্সবাজার

ডেস্ক রিপোর্ট,
কক্সবাজার-চট্টগ্রাম রুটে পরীক্ষামূলক ট্রেন চলবে আগামী ১৫ অক্টোবর। ডিসেম্বরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ রেলপথ উদ্বোধন করবেন। দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত নতুন স্থাপিত রেললাইন এখন ট্রেন চলাচলের জন্য প্রস্তুত। রেললাইন প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক আবুল কালাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
বিশ্বমানের এ রেললাইন স্থাপনের কাজ প্রায় ৯২ শতাংশ শেষ হয়েছে। রেলওয়ে সূত্র জানান, সর্বাধুনিক রেলওয়ে স্টেশন নির্মাণের পাশাপাশি দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত মোট নয়টি স্টেশন নির্মাণ করা হয়েছে। এ ছাড়া সংরক্ষিত বন এলাকায় রেললাইন স্থাপনে বন্যহাতি ও বন্যপ্রাণী চলাচলের জন্য ওভারপাস নির্মাণ করা হয়েছে; যা দক্ষিণ এশিয়ায় প্রথম। এ বছরই ঢাকা কক্সবাজার রুটে ট্রেন চালুর পরিকল্পনা সরকারের। এরই মধ্যে কক্সবাজার পর্যন্ত রেললাইন স্থাপনের কাজ শেষ হয়েছে। বাকি কাজ শেষ হলেই পর্যটননগরী কক্সবাজার রুটে ছুটবে ট্রেন।
চট্টগ্রাম-কক্সবাজার রেললাইন প্রকল্প পরিচালক মফিজুর রহমান বলেন, এবার দক্ষিণ চট্টগ্রামে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত রেললাইনের সংস্কার কাজও শেষ হয়েছে। এ মাসের মধ্যেই প্রকল্পের কাজ শতভাগ শেষ করার লক্ষ্যে কাজ করছি। অক্টোবরে রাজধানী ঢাকা থেকে ট্রেনে করে প্রথমবারের মতো চট্টগ্রাম পটিয়া হয়ে পর্যটননগরী কক্সবাজার যেতে পারবেন যাত্রীরা। কম খরচে আধুনিক সুবিধা-সংবলিত ট্রেনে করে কক্সবাজার ভ্রমণ করতে পারবেন তারা।

