বোয়ালমারীতে বার্তা মডেল একাডেমীর শিক্ষার্থীদের মাঝে ড. ইলিয়াস মোল্লা

মোঃ রফিকুল ইসলাম,
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার ৯নং ওয়ার্ডে অবস্থিত বার্তা মডেল একাডেমীর শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক, ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক চেয়ারম্যান ও জামায়াতে ইসলামী মনোনীত ফরিদপুর-০১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী প্রফেসর ড. ইলিয়াস মোল্লা।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ৯টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ শুভেচ্ছা বিনিময় ও দিকনির্দেশনামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত শিশু শিক্ষার্থীরা প্রফেসর ড. ইলিয়াস মোল্লাকে ফুল দিয়ে বরণ করে নেয়। তিনি শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবন গঠনে অধ্যবসায়, নৈতিকতা ও জ্ঞানচর্চার গুরুত্ব তুলে ধরে বলেন, আগামী প্রজন্মকেই আদর্শ সমাজ বিনির্মাণে নেতৃত্ব দিতে হবে। তিনি আরও বলেন, “শিক্ষাই জাতির মেরুদণ্ড, তাই শিক্ষাকে শুধু পেশার উপকরণ নয়, মানবিক মূল্যবোধ অর্জনের মাধ্যম হিসেবে গ্রহণ করতে হবে।”
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বার্তা মডেল একাডেমীর পরিচালনা পর্ষদের সভাপতি অ্যাডভোকেট কোরবান আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদের সদস্য প্রফেসর ইমারত হোসেন চৌধুরী, বোয়ালমারী পৌর জামায়াতের আমীর সৈয়দ নিয়ামুল হাসান, সেক্রেটারি সৈয়দ সাজ্জাদ আলী, বোয়ালমারী পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক আব্দুস সালাম, পৌরসভার ৯ নং ওয়ার্ডের আমীর মোঃ ইমামুর মোল্যা এবং বার্তা মডেল একাডেমীর প্রধান শিক্ষক নাজমা ইয়াসমিনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

