
মোঃ আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিনিধি:
ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালগুলোতে নতুন করে ৩৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। জেলা স্বাস্থ্য বিভাগের ৩০ সেপ্টেম্বরের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১৬ জন, ফরিদপুর জেনারেল হাসপাতালে ৫ জন, বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন, ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, সদরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন এবং নগরকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
এছাড়া আলফাডাঙ্গা, চরভদ্রাসন ও সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত ২৪ ঘণ্টায় নতুন কোনো ডেঙ্গু রোগী ভর্তি হয়নি।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সরকারি হাসপাতালগুলোতে মোট ৮৬৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ১২০ জন রোগী হাসপাতালে ভর্তি ছিলেন এবং ২৬ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে বিভিন্ন সরকারি হাসপাতালে মোট ৭৪৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, চলতি সময়ে ডেঙ্গুতে ফরিদপুর জেলায় মোট ৬ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
মোঃ আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিনিধি(ফরিদপুর) 














